Site icon BD News Journal

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে একটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বিবিসির খবরে বলা হয়, সোমবার (১৯ জানুয়ারি) কোরদোবার কাছাকাছি আদমুজ শহরের অদূরে এই দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী দ্রুতগতির ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে গিয়ে আছড়ে পড়ে। একই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানতেজ এক শোকবার্তায় বলেন, “দেশ একটি গভীর বেদনার রাত অতিক্রম করবে।”

স্পেনের পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানিয়েছেন, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্ঘটনার কারণকে ‘অত্যন্ত অদ্ভুত’ বলে উল্লেখ করলেও, কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। স্পেনের আদামুজ শহরের কাছে, ১৮ জানুয়ারি ২০২৬ছবি: এএফপি

আদমুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাটিকে ‘দুস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেছেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

আন্দালুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় মোট অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, জীবিতদের উদ্ধার করতে গিয়ে অনেক ক্ষেত্রে নিহতদের মরদেহ সরিয়ে পথ তৈরি করতে হয়েছে।

রেলওয়ের এক কর্মকর্তা আতিফ জানান, ট্রেনটি মালাগা স্টেশন থেকে ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। ওই দ্রুতগতির ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন বলে জানা গেছে।

Exit mobile version